মাদকমুক্ত সমাজ গঠনের সচেতনতামূলক বার্তা নিয়ে বাংলাদেশ সফরে এসে চট্টগ্রামের সাতকানিয়ায় হেনস্তার শিকার হয়েছেন নেপালের তরুণ সাইকেল ভ্রমণকারী বিশ্বাস রয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১৯ জুন) বিকেলে সাতকানিয়া এলাকায় এক সিএনজি চালকের সঙ্গে বিশ্বাস রয়ের বাকবিতণ্ডার ঘটনা ঘটে। পরে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জনমনে আলোচনার জন্ম দেয়।
ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত সিএনজি চালক বিদেশি ওই পর্যটকের সঙ্গে উত্তেজনাপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করছেন। অনেকেই এ ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বলেন, বিদেশি পর্যটকদের সঙ্গে এমন আচরণ দেশের ইতিবাচক ভাবমূর্তির জন্য ক্ষতিকর।
জানা গেছে, নেপালের ইলাম জেলার বাসিন্দা বিশ্বাস রয় গত ১৮ মে নিজ দেশ থেকে সাইকেল ভ্রমণ শুরু করেন। তিনি বিভিন্ন দেশে ভ্রমণের মাধ্যমে মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন এবং সেই ধারাবাহিকতায় বাংলাদেশে প্রবেশ করেন।
সাতকানিয়া থানা পুলিশ জানিয়েছে, ভাইরাল হওয়া ভিডিওটি পর্যালোচনা করা হয়েছে। অভিযুক্ত সিএনজি চালককে শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

