যুক্তরাজ্যের বেডফোর্ড এলাকায় দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে এক ট্রেনচালক নিহত এবং অন্তত ৮৯ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ ঘটনাটিকে ‘মেজর ইনসিডেন্ট’ হিসেবে ঘোষণা করে জরুরি তৎপরতা শুরু করেছে।
জরুরি সেবা সংস্থা ইস্ট অফ ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, আহতদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া ২২ জন গুরুতর আহত এবং আরও ৫৬ জন সামান্য আঘাত পেয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সময় শুক্রবার বিকেলে সংঘটিত এ দুর্ঘটনায় ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি দক্ষিণমুখী ট্রেন জড়িত ছিল। ট্রেন দুটি লন্ডনের সেন্ট প্যানক্রাস স্টেশনের দিকে যাচ্ছিল। সংঘর্ষের কারণ এখনো নিশ্চিত না হলেও এ বিষয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রেল শ্রমিক ইউনিয়ন ন্যাশনাল ইউনিয়ন অব রেল, মেরিটাইম অ্যান্ড ট্রান্সপোর্ট ওয়ার্কার্সের সাধারণ সম্পাদক এডি ডেম্পসে নিহত ট্রেনচালকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, নিহত চালক ইউনিয়নের সাবেক প্রতিনিধি ছিলেন।
দুর্ঘটনার পর লন্ডনের সেন্ট প্যানক্রাসগামী ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের সব সেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, শনিবার পর্যন্তও রেল চলাচলে বিঘ্ন অব্যাহত থাকতে পারে। এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে বিস্তারিত তদন্ত কার্যক্রম চলছে।

