আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে বিশ্বকাপের প্রথম ম্যাচে ৩-০ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে অধিনায়ক মেসির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন আর্জেন্টাইন প্রধান কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেন, মেসির মতো ফুটবলার ফুটবল বিশ্বে বিরল এবং তার বিদায়ের দিন ফুটবল অঙ্গনে বড় শূন্যতা তৈরি হবে।
ম্যাচ শেষে মেসিকে জড়িয়ে ধরার মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্কালোনি। তিনি জানান, খেলা শেষে মেসিকে আলিঙ্গন করে নিজের ভালোবাসার কথা জানিয়েছেন। তার ভাষায়, মেসি শুধু গোল করেন না, মাঠজুড়ে এমন এক প্রভাব সৃষ্টি করেন যা ভাষায় প্রকাশ করা কঠিন।
স্কালোনি আরও বলেন, মেসি দীর্ঘ দুই দশক ধরে ধারাবাহিকভাবে অসাধারণ পারফরম্যান্স করে যাচ্ছেন। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের একজনের কাতারে পৌঁছানো তার জন্য বিস্ময়ের কিছু নয়। আর্জেন্টিনার সমর্থকদের পাশাপাশি বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরাও মেসির খেলা উপভোগ করতে মুখিয়ে থাকেন বলে মন্তব্য করেন তিনি।
তবে ৩-০ গোলের জয় সত্ত্বেও ম্যাচটি সহজ ছিল না বলেও উল্লেখ করেন আর্জেন্টিনা কোচ। তার মতে, স্কোরলাইন দেখে ম্যাচের প্রকৃত চিত্র বোঝা যায় না। আলজেরিয়া শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল এবং টুর্নামেন্টের প্রথম ম্যাচ হওয়ায় চ্যালেঞ্জও ছিল বেশি।
স্কালোনি বলেন, ফুটবল একটি দলগত খেলা। প্রতিটি খেলোয়াড় নিজের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করায় দল জয় পেয়েছে। একই সঙ্গে তিনি মেসির অবদানের প্রশংসা করে বলেন, তার উপস্থিতি আর্জেন্টিনা দলকে বিশেষ শক্তি জোগায়।

