বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে জার্মানি। জার্মানির ফেডারেল ফরেন অফিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মহাপরিচালক ফ্রাঙ্ক হার্টম্যান বলেছেন, বাংলাদেশ ও ইউরোপের মধ্যে সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে এবং তা আরও সম্প্রসারণে জার্মানি আগ্রহী।
জার্মান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্রাঙ্ক হার্টম্যান ও দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান স্টিফেন কোখ গত ৯ থেকে ১১ জুন বাংলাদেশ সফর করেন। সফরকালে তারা সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, উন্নয়ন সহযোগী ও সুশীল সমাজের সদস্যদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে উভয় পক্ষ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে। পাশাপাশি বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা হয়। রোহিঙ্গা সংকটও আলোচনায় গুরুত্ব পায়। জার্মান প্রতিনিধি দল রোহিঙ্গাদের আশ্রয় প্রদানে বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করে।
এছাড়া বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা উন্নয়ন এবং রপ্তানি খাতের বহুমুখীকরণ নিয়েও আলোচনা হয়। ফ্রাঙ্ক হার্টম্যান স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের আগে প্রয়োজনীয় অর্থনৈতিক সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।
সফরের অংশ হিসেবে জার্মান কর্মকর্তারা দেশের তৈরি পোশাক শিল্প ও টেকসই উৎপাদন কার্যক্রম পর্যবেক্ষণে একটি শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। সংশ্লিষ্টরা আশা করছেন, এই সফর বাংলাদেশ-জার্মানি সম্পর্ককে আরও গতিশীল ও কার্যকর করতে সহায়ক ভূমিকা রাখবে।

