প্রধান খবর

রোহিঙ্গা ক্যাম্পে রোগীর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজন ও স্থানীয় রোহিঙ্গারা একটি এনজিও পরিচালিত হাসপাতালে ভাঙচুর চালিয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) রাতে ক্যাম্পের জিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইদ্রিস আলী (৫৩) নামে এক রোহিঙ্গার মৃত্যু হলে এ ঘটনা ঘটে। নিহত ইদ্রিস আলী কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের বাসিন্দা নাজির আহমেদের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি পিকনিকে অংশ নেওয়ার পর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে প্রয়োজনীয় ডাটা কার্ড না থাকায় চিকিৎসা কার্যক্রম শুরু করতে কিছুটা বিলম্ব হয় বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে স্বজনরা চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভের একপর্যায়ে হাসপাতালের বিভিন্ন আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে উখিয়া থানা পুলিশ, বালুখালী আর্মি ক্যাম্প এবং এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হস্তক্ষেপ করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ব্যবস্থা নিয়েছেন। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ ও পরবর্তী পদক্ষেপ গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *