আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন ডা. শেখ মহিউদ্দিন। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ নতুন নির্বাহী পরিচালক হিসেবে অধ্যাপক জামালুন্নেসার ওপর দায়িত্ব অর্পণ করেছে।
মঙ্গলবার (১৬ জুন) ফাউন্ডেশনের পরিচালক (কোম্পানি অ্যাফেয়ার্স) তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক জামালুন্নেসা দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগে শিক্ষকতা করেছেন। সম্প্রতি অবসরে যাওয়া এই শিক্ষাবিদ ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে যাওয়া শিশু মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে তদারকি ব্যবস্থা জোরদার ও বিদ্যমান প্রোটোকল পুনর্মূল্যায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, সরকারি নির্দেশনা অনুসারে অবকাঠামো ও ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে। হাসপাতালের পরিবেশ উন্নয়ন, অক্সিজেন চলাচল নিশ্চিতকরণ এবং অন্যান্য কারিগরি সংস্কার কার্যক্রম বিশেষজ্ঞ পরামর্শকদের তত্ত্বাবধানে চলমান রয়েছে। এছাড়া করপোরেট অফিসের ওপর অবস্থিত বেকারি কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
১৯৮০ সালে প্রতিষ্ঠিত অলাভজনক সংস্থা আদ-দ্বীন ফাউন্ডেশন বর্তমানে স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা, সাধারণ শিক্ষা, প্রশিক্ষণ ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠানটির অধীনে হাসপাতাল, মেডিকেল কলেজ, নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান এবং ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

