প্রধান খবর

ঢাকাতেই জন্ম নিল শাকিব-বুবলীর দ্বিতীয় সন্তান

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দ্বিতীয়বার মা হওয়ার সুখবর প্রকাশ্যে এনেছেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, গত ১১ মে তার কোলজুড়ে এসেছে এক কন্যাসন্তান। নবজাতকের নাম রাখা হয়েছে ‘শারলিন খান’।

সন্তানের জন্মের খবর প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি হয়, কোথায় জন্ম নিয়েছে এই তারকা দম্পতির দ্বিতীয় সন্তান। জানা গেছে, প্রথম সন্তান জন্মের সময়ের মতো বিদেশে না গিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন বুবলী। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে ঢাকাতেই মাতৃত্বকালীন সময় অতিবাহিত করেন তিনি।

গর্ভাবস্থার পুরো সময়টিতে জনসম্মুখে খুব কম দেখা গেছে এই অভিনেত্রীকে। এমনকি সাম্প্রতিক ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার প্রচারণাতেও অংশ নেননি তিনি। ফলে বছরের শুরু থেকেই তাকে ঘিরে মাতৃত্বের গুঞ্জন জোরালো হতে থাকে। তবে সে সময় বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি বুবলী।

এদিকে মাতৃত্বকালীন বিরতির পর আবারও অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এই চিত্রনায়িকা। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হয়ে আগামী এক থেকে দুই মাসের মধ্যেই নতুন কাজের শুটিংয়ে অংশ নিতে পারেন তিনি।

উল্লেখ্য, ২০১৮ সালে চিত্রনায়ক শাকিব খান ও শবনম বুবলীর বিয়ে হয়। ২০২২ সালে তারা আনুষ্ঠানিকভাবে নিজেদের সম্পর্কের বিষয়টি প্রকাশ করেন। এর আগে ২০২০ সালে তাদের প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *