ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন রোববার বিকেলে শুরু হয়েছে। বিকেল ৩টায় স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি প্রথম বাজেট অধিবেশন হওয়ায় রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি নেতৃত্বাধীন সরকারের জন্য এ অধিবেশন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিকল্পনা, রাজস্ব ব্যবস্থাপনা এবং উন্নয়ন কর্মসূচির রূপরেখা নির্ধারণে এ বাজেট অধিবেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সংসদ সূত্রে জানা গেছে, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করতে পারেন। বাজেট ঘোষণাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে।
এর আগে সংবিধানের ৭২(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ৭ মে এই অধিবেশন আহ্বান করেন। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ৩০ এপ্রিল সমাপ্ত হয়, যেখানে ২৫ কার্যদিবসে মোট ৯৪টি বিল পাস হয়েছিল।

