জনশক্তি ও তথ্যপ্রযুক্তি বিভাগের সমন্বয়ে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালু করেছে নতুন ডিজিটাল পরিষেবা। এখন থেকে নাগরিক ও প্রবাসীরা সরকারি অ্যাপ ‘সাহেল’ ব্যবহার করে অনলাইনে গৃহকর্মী ও চালক-সম্পর্কিত সব পরিষেবা গ্রহণ ও পরিচালনা করতে পারবেন। মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি লেনদেন ডিজিটাল করা, নিয়োগ প্রক্রিয়া সহজ করা এবং বাসস্থান-সংক্রান্ত পরিষেবা আরও দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে পরিষেবা কেন্দ্রে না গিয়েই আবেদন সম্পন্ন করা যাবে, যা সময় ও কার্যকারিতা দুটোই বাড়াবে।
গালফ নিউজের তথ্য অনুযায়ী, গৃহকর্মী ও গাড়িচালক নিয়োগের যোগ্যতা নতুন করে হালনাগাদ করেছে কুয়েত। নতুন নিয়মে অবিবাহিত মহিলারা শুধুমাত্র একজন গৃহকর্মী রাখতে পারবেন। সন্তানসহ বিবাহিত, তালাকপ্রাপ্ত বা বিধবা মহিলারা একজন গৃহকর্মী এবং একজন চালক নিয়োগ দিতে পারবেন। পরিবারসহ বিবাহিত, তালাকপ্রাপ্ত বা বিধবা পুরুষ সর্বোচ্চ তিনজন গৃহকর্মী এবং একজন চালক রাখতে পারবেন। আর অবিবাহিত পুরুষরা কেবল একজন চালক নিয়োগ দিতে পারবেন।
মন্ত্রণালয় বলেছে, গৃহকর্মীদের যথাযথ ব্যবস্থাপনা, পরিষেবার ন্যায্য ব্যবহার নিশ্চিত করা এবং সরকারি প্ল্যাটফর্মজুড়ে ডিজিটাল শাসনকে শক্তিশালী করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কুয়েতের শ্রমবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

