বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে পর্দা উঠবে ইতিহাসের সবচেয়ে বড় এই বিশ্বকাপের, যা চলবে ১৯ জুলাই পর্যন্ত। এবারের আসরে প্রথমবারের মতো ৪৮টি দেশ অংশ নিচ্ছে এবং মোট ১,২৪৮ জন ফুটবলার মাঠে নামবেন, যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ।
বিশ্বকাপটি যৌথভাবে আয়োজন করছে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। তিনটি দেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টও বিশ্বকাপ ইতিহাসে একটি নতুন মাইলফলক। অংশগ্রহণকারী প্রতিটি দল সর্বোচ্চ ২৬ জন খেলোয়াড় নিয়ে তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে।
বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার স্কোয়াডে রয়েছেন লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ। অন্যদিকে ব্রাজিল দলে আছেন নেইমার জুনিয়র, ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়া। এছাড়া ফ্রান্সের কিলিয়ান এমবাপে, পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো, ইংল্যান্ডের হ্যারি কেইন, নরওয়ের আর্লিং হালান্ড এবং স্পেনের লামিন ইয়ামালের মতো তারকারা এবারের বিশ্বকাপকে আরও আকর্ষণীয় করে তুলবেন।
বিশ্বকাপের সম্প্রসারিত এই সংস্করণে ইউরোপ, এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও উত্তর আমেরিকার নতুন নতুন দল অংশগ্রহণের সুযোগ পেয়েছে। ফলে প্রতিযোগিতা আরও বৈচিত্র্যময় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার প্রত্যাশা করছেন ফুটবল বিশ্লেষকরা।

