দেশের বিদ্যুৎ খাত নিয়ে আশার কথা শোনালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকার উদ্যোক্তাদের জন্য নানা ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করছে জানিয়ে তিনি বলেন, এসব উদ্যোগের ফলে আগামী গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই দেশে অন্তত ৩ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হবে। এই অতিরিক্ত বিদ্যুৎ যুক্ত হলে আসন্ন তীব্র গরমে দেশের জাতীয় গ্রিডের ওপর চাপ অনেকটাই কমবে।
যশোর পিটিআই অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান। মানসম্মত ও নৈতিক শিক্ষার বিকাশ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষা কর্মকর্তা এবং পরিচালনা পর্ষদের সভাপতিদের নিয়ে এই সভার আয়োজন করা হয়।
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম ক্রমাগত বাড়ছে। এমনকি তেল সমৃদ্ধ দেশ সৌদি আরব কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রেও জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। বিশ্ববাজারের এই ঊর্ধ্বগতির প্রভাব সরাসরি আমাদের অর্থনীতির ওপর পড়ছে। এই পরিস্থিতিতে সরকার অত্যন্ত সহানুভূতিশীল হয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে যেন সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ না পড়ে। সংকট মোকাবিলায় তিনি সবাইকে পরিমিত ব্যবহারের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।
শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় প্রভাব বিস্তারের বিষয়ে স্বীয় দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন অনিন্দ্য ইসলাম অমিত। তিনি স্পষ্ট জানিয়ে দেন, কোনো ধরনের রাজনৈতিক পরিচয় ব্যবহার করে শিক্ষা প্রতিষ্ঠানে প্রভাব খাটাতে কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। কেউ যদি এই ধরনের অনৈতিক কাজে লিপ্ত হয়, তবে তার বিরুদ্ধে প্রথম পর্যায়ে দলীয় সাংগঠনিক ব্যবস্থা এবং পরবর্তীতে সরাসরি আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় স্থানীয় জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত শিক্ষক ও প্রতিনিধিরা জেলার শিক্ষাব্যবস্থা ও মানোন্নয়নে নানা মতামত তুলে ধরেন।

