প্রধান খবর

বাবা-মাকে নির্যাতন, দুই ভাইয়ের ৫ মাসের কারাদণ্ড

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় মাদকের টাকার জন্য বাবা-মায়ের ওপর শারীরিক নির্যাতনের অভিযোগে দুই ভাইকে পাঁচ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের পূর্ব সোহাগীপাড়া গ্রামে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন।

দণ্ডপ্রাপ্তরা হলেন পূর্ব সোহাগীপাড়া গ্রামের বাসিন্দা রেজু (২৪) ও তার ছোট ভাই তরিকুল (২০)। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ওই দুই ভাই মাদকের অর্থ সংগ্রহের জন্য বাবা-মায়ের ওপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ভাইকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে পাঁচ মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা প্রদান করেন।

রায় কার্যকরের জন্য দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *