আসন্ন ফিফা বিশ্বকাপের মূল মঞ্চে মাঠে নামার আগে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে কলম্বিয়া। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টারিকাকে একপেশে লড়াইয়ে হারিয়েছে তারা। লুইস দিয়াজ ও ডেভিডসন সানচেজদের আক্রমণাত্মক ফুটবলের সামনে পাত্তাই পায়নি কোস্টারিকা। ম্যাচটিতে ৩-০ গোলের বড় ব্যবধানের দাপুটে জয় নিয়ে মাঠ ছেড়েছে লাতিন আমেরিকার এই দলটি।
ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে স্পষ্ট ব্যবধান গড়ে ফেলে কলম্বিয়া। কোস্টারিকার রক্ষণভাগকে ব্যস্ত রেখে ম্যাচের ১৬তম মিনিটেই প্রথম সাফল্য পায় তারা। দুর্দান্ত এক আক্রমণে গোল করে দলকে এগিয়ে নেন ডিফেন্ডার ডেভিডসন সানচেজ। প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই আবারও উল্লাসে মাতে কলম্বিয়া। প্রথম গোলের ঠিক ছয় মিনিট পর (২২তম মিনিটে) ব্যবধান দ্বিগুণ করেন দলের অন্যতম সেরা তারকা লুইস দিয়াজ। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় কলম্বিয়ার ফুটবলাররা।
দুই গোলে পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্থের শুরুতে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করে কোস্টারিকা। তবে কলম্বিয়ার রক্ষণভাগ ভাঙতে সম্পূর্ণ ব্যর্থ হয় তারা। উল্টো ম্যাচের ৮০তম মিনিটে কোস্টারিকার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা লুইস সুয়ারেজ। তার এই নিখুঁত গোলের ওপর ভর করেই ৩-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করে কলম্বিয়া। এই বড় জয় বিশ্বকাপের আগে দলটির আত্মবিশ্বাস বহুলাংশে বাড়িয়ে দেবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
উল্লেখ্য, আসন্ন ফিফা বিশ্বকাপে ‘কে’ গ্রুপে অবস্থান করছে কলম্বিয়া। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল, উজবেকিস্তান ও কঙ্গো। আগামী ১৮ জুন উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে কলম্বিয়া। এরপর যথাক্রমে ২৪ জুন কঙ্গো এবং ২৮ জুন পর্তুগালের বিপক্ষে গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামবেন লুইস দিয়াজরা।

