প্রধান খবর

সীতাকুণ্ডে চতুর্মুখী সংঘর্ষে নিহত ১, আহত ২৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস, ড্রামট্রাক, মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার চতুর্মুখী সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন। রোববার রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জারিয়া বেগম (৪৫) সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে মহাসড়কে ওঠা একটি মাইক্রোবাসকে পেছন থেকে ধাক্কা দিলে দুর্ঘটনার সূত্রপাত হয়। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা জারিয়া বেগম বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার পর বাসটি মহাসড়কের মাঝখানে থেমে গেলে একই দিক থেকে আসা একটি ড্রামট্রাক বাসটির পেছনে আঘাত করে। পরে নিয়ন্ত্রণ হারিয়ে ড্রামট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয় এবং পাশের একটি বেকারির ভেতরে আংশিক ঢুকে পড়ে। এতে সিএনজি অটোরিকশাটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনায় বাস, মাইক্রোবাস ও সিএনজির যাত্রীসহ পথচারীরা আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। পরে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *