আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ আর নেই। সোমবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি প্যারালাইসিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত বছরের সেপ্টেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
তোফায়েল আহমেদ বাংলাদেশের রাজনীতি, ছাত্র আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে তিনি অন্যতম ছাত্রনেতা হিসেবে জাতীয় পর্যায়ে পরিচিতি লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি হিসেবেও দায়িত্ব পালন করেন।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ সাংগঠনিক ভূমিকা পালন করেন। স্বাধীনতার পর দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং শিল্প, বাণিজ্যসহ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

