প্রধান খবর

৬ মাসেও খোলেনি জিয়া স্মৃতি জাদুঘর, ফিরছেন হতাশ দর্শনার্থীরা

চট্টগ্রামের ঐতিহাসিক জিয়া স্মৃতি জাদুঘর প্রায় ছয় মাস ধরে বন্ধ থাকায় প্রতিদিনই হতাশ হয়ে ফিরছেন দর্শনার্থীরা। গত বছরের ২ ডিসেম্বর ভূমিকম্পে ভবনের বিভিন্ন স্থানে ফাটল ও ক্ষয়ক্ষতি দেখা দেওয়ার পর নিরাপত্তার স্বার্থে জাদুঘরটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি।

জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, শতবর্ষী ভবনটিতে দীর্ঘদিন বড় ধরনের সংস্কার না হওয়ায় এর বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ভূমিকম্পের পর বুয়েটের বিশেষজ্ঞ দলের পরামর্শে ক্ষতিগ্রস্ত অংশের মেরামতকাজ শুরু হলেও পুরো ভবনের প্রকৌশলগত মূল্যায়ন ও সংস্কার এখনো সম্পন্ন হয়নি। ফলে জাদুঘর চালুর বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানাতে পারেনি কর্তৃপক্ষ।

এদিকে প্রায় ১ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে সীমানাপ্রাচীর, রেস্ট হাউস, আনসার ব্যারাক সংস্কার এবং সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন হয়েছে। মূল ভবনের ক্ষতিগ্রস্ত অংশেও মেরামত চলছে। তবে জাদুঘরের প্রধান ভবন এখনো দর্শনার্থীদের জন্য বন্ধ রয়েছে।

১৯১৩ সালে নির্মিত এই ঐতিহাসিক স্থাপনাটি একসময় সার্কিট হাউস হিসেবে ব্যবহৃত হতো। ১৯৮১ সালের ৩০ মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এখানে নিহত হওয়ার পর ভবনটিকে জিয়া স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হয়। বর্তমানে এটি বাংলাদেশ জাতীয় জাদুঘরের একটি শাখা হিসেবে পরিচালিত হচ্ছে এবং এখানে শতাধিক ঐতিহাসিক নিদর্শন সংরক্ষিত রয়েছে।

জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনটিকে হেরিটেজ ঘোষণা, পূর্ণাঙ্গ সংস্কার প্রকল্প গ্রহণ এবং সীমিত পরিসরে কয়েকটি গ্যালারি চালুর বিষয়ে কাজ চলছে। তবে জাদুঘরটি কবে পুরোপুরি খুলে দেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *