প্রধান খবর

লালপুরে ভ্যানচালককে বেঁধে ছিনতাইয়ের চেষ্টা

নাটোরের লালপুরে ভোরে ফাঁকা রাস্তায় ভ্যানচালক ও যাত্রীকে বেঁধে ছিনতাইয়ের চেষ্টা করলে গ্রামবাসীর ধাওয়ায় তিন ছিনতাইকারী হাতেনাতে ধরা পড়ে। সোমবার ভোরে কদিমচিলান ইউনিয়নের পুকুরপাড়া গ্রামের একটি নির্জন রাস্তায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভ্যানচালক সিদ্দিক মালিথা যাত্রী আবু তাহেরকে নিয়ে বনপাড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চারজন ছিনতাইকারী টর্চলাইট দেখিয়ে অটোভ্যান থামায়। পরে ধারালো অস্ত্রের মুখে তাদের হাত-পা ও চোখ-মুখ বেঁধে পাশের খেজুরবাগানে ফেলে রেখে অটোভ্যান ও একটি স্মার্টফোন নিয়ে পালানোর চেষ্টা করে।

এসময় ভ্যানচালকের চিৎকারে আশপাশের গ্রামবাসীরা ছুটে এসে চারদিক থেকে ছিনতাইকারীদের ধাওয়া করে তিনজনকে আটক করে এবং উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়। একজন পালিয়ে যায়।

খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত তিনজনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের মধ্যে সেন্টু আলীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে রাখা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নেওয়া হয়।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি ধারালো ছুরি, একটি টিপ চাকু, গামছা ও দড়ি উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পলাতক আসামিকে ধরতে অভিযান চলছে।

আটকরা হলেন: রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের আতাউর মন্ডল (৪২), আশরাফপুর গ্রামের শ্রী সুনীল কুমার (৫৫)

নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া গ্রামের সেন্টু আলী (৫৫) ,সব তথ্যই নির্ভরযোগ্য সূত্র থেকে যাচাই করা হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *