পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ধীরে ধীরে ফাঁকা হয়ে আসছে রাজধানী ঢাকার ব্যস্ত সড়কগুলো। নগরজীবনের চিরচেনা যানজট কমে গিয়ে রাজধানীতে এখন স্বস্তির আবহ তৈরি হয়েছে। অফিস ছুটির পর থেকেই ঘরমুখো মানুষের ঢল নামায় বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে বেড়েছে যাত্রীচাপ।
সোমবার দুপুরের পর রাজধানীর বাড্ডা, রামপুরা, মালিবাগ, কাকরাইল, মতিঝিল, কারওয়ান বাজার, তেজগাঁও ও ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় যানবাহনের চাপ তুলনামূলক কম দেখা যায়। অনেক সড়কে যানজট প্রায় অনুপস্থিত ছিল বলে জানিয়েছেন যাত্রীরা।
তবে গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালসহ পশুর হাটকেন্দ্রিক এলাকায় এখনো যানবাহনের চাপ রয়েছে। দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি ও পশুবাহী ট্রাকের কারণে এসব এলাকায় ধীরগতিতে যান চলাচল করছে। যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষাও করতে হচ্ছে।
পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের ছুটি শুরু হওয়ায় রাজধানী ছাড়ছেন বিপুল সংখ্যক মানুষ। ফলে আগামী এক-দুই দিনের মধ্যে ঢাকার সড়ক আরও ফাঁকা হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

