চাঁদপুরের হাজীগঞ্জে যাত্রীবাহী বোগদাদ ও আইদি পরিবহনের শ্রমিকদের ওপর হামলা এবং একাধিক বাস ভাঙচুরের ঘটনার প্রতিবাদে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছেন পরিবহন শ্রমিকরা।
বুধবার (২০ মে) রাতে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল বাজার সংলগ্ন একটি স্কুল মাঠে এ হামলার ঘটনা ঘটে। শ্রমিকদের অভিযোগ, রাতের আঁধারে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল দুর্বৃত্ত পার্কিং করা বাসগুলোর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় অন্তত ১৫টি বাস ভাঙচুর করা হয় এবং বাধা দিতে গেলে প্রায় ২০ জন শ্রমিক আহত হন।
আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রমিকরা জানান, হামলাকারীরা বাসের জানালার কাচ ও বডি ভাঙচুরের পাশাপাশি চালক ও হেলপারদের মারধর করে। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে চাঁদপুর-কুমিল্লা রুটে কোনো বাস চলাচল করতে দেখা যায়নি। এতে অফিসগামী যাত্রী, শিক্ষার্থী ও রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন। তবে ঢাকা, চট্টগ্রামসহ অন্যান্য দূরপাল্লার রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
পরিবহন শ্রমিকরা জানিয়েছেন, হামলাকারীদের গ্রেপ্তার এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। এদিকে হাজীগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

