ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্র প্রদেশে জনসংখ্যা কমে যাওয়ার প্রবণতা ঠেকাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। শনিবার তিনি ঘোষণা দেন রাজ্যের কোনো পরিবারে তৃতীয় সন্তানের জন্ম হলে ৩০ হাজার রুপি এবং চতুর্থ সন্তানের জন্ম হলে ৪০ হাজার রুপি নগদ সহায়তা দেওয়া হবে। তার এই সিদ্ধান্তকে ঘিরে রাজ্যজুড়ে আলোচনা শুরু হয়েছে।
মুখ্যমন্ত্রী নাইডু জানান, রাজ্যে একটি বিশেষ প্রবণতা দেখা যাচ্ছে আয় বাড়ার সঙ্গে সঙ্গে অনেক দম্পতি একমাত্র সন্তান নেওয়ার সিদ্ধান্তে স্থির হচ্ছেন। আবার অনেক পরিবার দ্বিতীয় সন্তান নিচ্ছেন কেবল তখনই, যখন প্রথম সন্তানটি কন্যা হয়। এই প্রবণতা জনসংখ্যা বৃদ্ধির হারকে দ্রুত নিচের দিকে নামিয়ে আনছে বলে সতর্ক করেন তিনি।
তিনি বলেন, একজন নারীর বিপরীতে গড়ে ২.১ প্রজনন হার বজায় থাকলেই জনসংখ্যা স্থিতিশীল থাকে। বিশ্বের বহু দেশে জনসংখ্যা কমে যাওয়া এবং বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে এই উদাহরণ টেনে তিনি অন্ধ্র প্রদেশে প্রতিস্থাপনযোগ্য প্রজনন হার বজায় রাখার ওপর জোর দেন।
নাইডুর মতে, জনসংখ্যা কমে গেলে ভবিষ্যতে শ্রমশক্তি সংকট, অর্থনৈতিক স্থবিরতা এবং সামাজিক কাঠামোয় ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। তাই আগেভাগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি। তার ঘোষিত নগদ প্রণোদনা সেই লক্ষ্যেই একটি নতুন নীতিগত পদক্ষেপ।
এই ঘোষণা রাজ্যের জনসংখ্যা নীতি নিয়ে নতুন করে বিতর্কও সৃষ্টি করেছে। কেউ কেউ এটিকে প্রয়োজনীয় উদ্যোগ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এ ধরনের প্রণোদনা দীর্ঘমেয়াদে কতটা কার্যকর হবে তা সময়ই বলে দেবে।

