ভারতের রাজস্থানে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার ভোরে কোটার বিক্রমগড় আলোত স্টেশনের কাছে চলন্ত অবস্থায় ট্রেনটির বি-১ বগিতে আগুন ধরে যায়। তবে দ্রুত উদ্ধার তৎপরতার কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রেল কর্তৃপক্ষ জানায়, আগুন লাগার সঙ্গে সঙ্গেই ক্ষতিগ্রস্ত বগিটি ট্রেন থেকে বিচ্ছিন্ন করা হয় এবং বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। ওই বগিতে মোট ৬৮ জন যাত্রী ছিলেন। তাদের দ্রুত নিরাপদে সরিয়ে ট্রেনের অন্য বগিতে স্থানান্তর করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আগুন লাগা বগি থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। আগুনের তাপে আশপাশের কিছু গাছেও আগুন ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রেল কর্তৃপক্ষ ও উদ্ধারকর্মীরা।
কেরালার থিরুভানানথাপুরাম থেকে দিল্লির উদ্দেশে ছেড়ে আসা রাজধানী এক্সপ্রেসটি দুর্ঘটনার সময় প্রায় ২ হাজার ৬০০ কিলোমিটার পথ অতিক্রম করেছিল। যাত্রীদের কোটা পর্যন্ত পৌঁছে দেওয়ার পর বিকল্প বগি সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

