ব্যস্ত জীবনে নিয়মিত শরীরচর্চা অনেকের পক্ষেই কঠিন হয়ে পড়ে। তবে সুস্থ থাকতে দীর্ঘ সময় বা কঠোর ব্যায়ামের প্রয়োজন নেই গবেষণা বলছে, প্রতিদিন মাত্র ১০ থেকে ১৫ মিনিট দ্রুত হাঁটলেই শরীর পেতে পারে উল্লেখযোগ্য উপকার।
ব্রিটিশ জার্নাল অব স্পোর্টস মেডিসিনে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, দিনে ১৫ মিনিট ব্রিস্ক ওয়াক বা দ্রুত হাঁটা অকালমৃত্যুর ঝুঁকি প্রায় ২৩ শতাংশ পর্যন্ত কমাতে পারে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের মতে, দৈনন্দিন রুটিনে অল্প সময় হাঁটাকে যুক্ত করলেই সুস্থ জীবনের দিকে বড় একটি পদক্ষেপ নেওয়া সম্ভব।
গবেষণায় আরও দেখা গেছে, হাঁটার সময়সীমা বয়স, শারীরিক সক্ষমতা ও স্বাস্থ্যের অবস্থার ওপর নির্ভর করলেও অধিকাংশ মানুষের জন্য দিনে ৩০ মিনিট দ্রুত হাঁটা সামগ্রিক সুস্থতার জন্য যথেষ্ট। ওজন কমাতে চাইলে প্রতিদিন ৫ থেকে ৭ কিলোমিটার হাঁটা উপকারী হতে পারে। তবে শুরুতে কম সময় হাঁটা দিয়ে ধীরে ধীরে অভ্যাস গড়ে তোলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
খাওয়ার পর ১৫ মিনিট হাঁটা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক বলেও উল্লেখ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, একটানা দীর্ঘ সময় হাঁটার চেয়ে প্রতিটি প্রধান খাবারের পর অল্প সময় হাঁটলে হজমশক্তি বাড়ে এবং ডায়াবেটিসের ঝুঁকি কমে।
নিয়মিত ব্রিস্ক ওয়াক হৃদযন্ত্রের সুরক্ষা, হাড় ও জয়েন্ট শক্তিশালী করা, মানসিক চাপ কমানো এবং মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সময়ের অভাব থাকলেও প্রতিদিন অল্প সময় হাঁটাকে অভ্যাসে পরিণত করার ওপর জোর দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

