ইসরাইলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতা ছাড়ার আগে আরও তিন থেকে চার মাস প্রধানমন্ত্রীর পদে বহাল থাকতে চান এবং এরপর গাদি আইজেনকোটের কাছে দায়িত্ব হস্তান্তর করতে আগ্রহী। আজ রোববার (২৯ নভেম্বর) জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়ে দুই নেতার অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ বৈঠকের আগে ইসরাইলের একাধিক প্রথম সারির সংবাদমাধ্যমে এমন তথ্য প্রকাশ করা হয়েছে।
ইসরাইলি সংবাদমাধ্যম ‘মারিভ’ এক প্রতিবেদনে জানিয়েছে, জাতীয় ঐক্যের সরকার গঠন সংক্রান্ত আলোচনায় নেতানিয়াহু এই নতুন প্রস্তাব উত্থাপন করতে পারেন। নাম প্রকাশে অনিচ্ছুক রাজনৈতিক সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি বলেছে, ইরানের সঙ্গে সম্ভাব্য সামরিক উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির বিষয়টি সামনে রেখে আরও কিছুদিন ক্ষমতায় থাকতে চান নেতানিয়াহু। যদিও গতকাল শনিবার প্রকাশ্যে দেওয়া প্রস্তাবে তিনি এমন কোনো শর্তের কথা উল্লেখ করেননি; বরং ক্ষমতা ভাগাভাগির চুক্তির আওতায় আইজেনকোটকেই প্রথমে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়ার কথা বলেছিলেন।
অন্যদিকে ইসরাইলের আরেক দৈনিক ‘ইয়েদিওথ আহরোনোথ’ জানিয়েছে, ইরানের সঙ্গে সম্ভাব্য সংঘাত মোকাবিলার যুক্তি দেখিয়ে কার্যত অনির্দিষ্টকালের জন্য প্রধানমন্ত্রী থাকতে চান নেতানিয়াহু এবং পরিস্থিতি সামাল দেওয়ার পরই কেবল ক্ষমতা ছাড়তে রাজি হতে পারেন। দৈনিক ‘হারেৎজ’-ও লিকুদ পার্টির একটি সূত্রের বরাতে জানিয়েছে, ইরান থেকে ইসরাইলের অস্তিত্বের জন্য হুমকি তৈরি হয়েছে-এমন যুক্তি তুলে ধরে আইজেনকোটের ক্ষমতা গ্রহণ পিছিয়ে দিতে চাইবেন নেতানিয়াহু। তবে নেতানিয়াহুর এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করছেন গাদি আইজেনকোট।
জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়ে অচলাবস্থা নিরসনে আজ রোববার বৈঠকে বসতে সম্মত হয়েছেন দুই নেতা। এর আগে নেতানিয়াহুর প্রস্তাবের আন্তরিকতা প্রমাণের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন আইজেনকোট। তার অভিযোগ, নেতানিয়াহুর দল লিকুদ পার্টি প্রায় তিন সপ্তাহ ধরে সরকার গঠনের আলোচনা ইচ্ছাকৃতভাবে ঝুলিয়ে রেখেছে।
এদিকে, লিকুদ পার্টির সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করা হবে, নাকি আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের চেষ্টা চালানো হবে-তা নিয়ে আইজেনকোটের নিজস্ব রাজনৈতিক জোটের ভেতরেই মতবিরোধ দেখা দিয়েছে।
ইসরাইলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে আইজেনকোটের জোটের আসনসংখ্যা ৪৮টি, যেখানে একক বা জোটগত সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১টি আসন। অন্যদিকে, পার্লামেন্টে আরব দলগুলোর হাতে রয়েছে ১৯টি আসন। সরকার গঠনের জন্য আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় পেয়েছেন আইজেনকোট। নির্ধারিত এই সময়ের মধ্যে সরকার গঠনে ব্যর্থ হলে তিনি ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে একবারের জন্য অতিরিক্ত ১৪ দিন সময় চাইতে পারবেন।

