প্রধান খবর

বিদ্যুৎ অফিসে বোমা হামলার হুমকি, আটক যুবক

খুলনার পাইকগাছায় লোডশেডিংয়ের প্রতিবাদে পল্লী বিদ্যুৎ অফিসে বোমা হামলার হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তিনি ভুল স্বীকার করে মুচলেকা দেওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে ক্ষুব্ধ হয়ে দেবজ্যোতি চক্রবর্তী নামে ওই ব্যক্তি মোবাইল ফোনে পাইকগাছা পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তাকে কল করে হুমকি দেন। বিষয়টি জানাজানি হলে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে পৌরসভার বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পরদিন সকালে তিনি নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং মুচলেকা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, এলাকায় বিদ্যুতের চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম থাকায় লোডশেডিং অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চললেও সীমিত বরাদ্দের কারণে সমস্যা পুরোপুরি সমাধান সম্ভব হচ্ছে না।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের হুমকির বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *