সিডনিতে অপেরা হাউসে ‘বাংলা হানড্রেড লিগ’-এর ট্রফি ও জার্সি উন্মোচন

প্রবাসী বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে শুরু হতে যাচ্ছে নতুন ফরম্যাটের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট ‘বাংলা হানড্রেড লিগ (BHL)’। বহুল আলোচিত এই টুর্নামেন্টের আনুষ্ঠানিকতা শুরু হলো বিশ্বের অন্যতম স্থাপত্যশৈলী সিডনি অপেরা হাউস প্রাঙ্গণে। শুক্রবার (১৭ এপ্রিল) এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের অফিসিয়াল ট্রফি ও অংশগ্রহণকারী দলগুলোর জার্সি উন্মোচন করা হয়।

সিডনি অপেরা হাউসের মনোরম পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা ওপেনার এবং এই লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ইমরুল কায়েস। তিনি সিডনিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লিগের ডিরেক্টর আতিকুর রহমান সজীব এবং লিগ কমিশনার তানবীর হাসানসহ আয়োজক কমিটির শীর্ষ কর্মকর্তারা। ছয়টি ফ্র্যাঞ্চাইজি দলের মালিক, অধিনায়ক ও খেলোয়াড়দের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

‘বাংলা হানড্রেড লিগ’ সম্পূর্ণ পেশাদার কাঠামোতে পরিচালিত হচ্ছে। গত ২৮ মার্চ একটি বর্ণাঢ্য নিলামের (Auction) মাধ্যমে দলগুলো তাদের পছন্দের খেলোয়াড় বাছাই করে নেয়। প্রতিটি দলে ১৫ জন করে মোট ৯০ জন ক্রিকেটার এই আসরে লড়াই করবেন। অংশগ্রহণকারী ছয়টি দল হলো- ঢাকা পাওয়ার ব্লেজার্স, চিটাগং কিংস, কুমিল্লা সুপার স্টারস, ময়মনসিংহ জায়ান্টস, রংপুর রাইডার্স এবং খুলনা ফাইটার্স।

আয়োজকরা জানান, এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হলো প্রবাসে ক্রিকেটের প্রতি আগ্রহ বৃদ্ধি করা এবং নতুন প্রজন্মের মাঝে এই খেলাকে ছড়িয়ে দেওয়া। রবিবার (১৯ এপ্রিল) থেকে মাঠের লড়াই শুরু হবে।

দেশি ক্রিকেটের এই ভিন্নধর্মী আয়োজন সিডনির প্রবাসী বাঙালিদের মধ্যে নতুন এক প্রাণের সঞ্চার করেছে। এখন সবার অপেক্ষা- ১০০ বলের এই রোমাঞ্চকর লড়াইয়ে কোন দলের হাতে ওঠে প্রথম আসরের শিরোপা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *