আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের নিরাপত্তা প্রসঙ্গে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা শুধু সরকারের নয়-রাজনৈতিক দল ও প্রতিটি নাগরিকের দায়িত্ব।
তাঁর মতে, গণমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নির্বাচনকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে বড় ভূমিকা রাখে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ঢাকার ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের বাটুলিয়া এলাকায় বুচাই পাগলার মাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি আশা প্রকাশ করেন, সাংবাদিকরা এবারের নির্বাচন সুন্দর ও নিরপেক্ষভাবে কাভার করতে পারবেন। একই সঙ্গে তিনি বলেন, সাংবাদিকদের ওপর যে কোনো ধরনের হামলা বা বাধা নিন্দনীয় এবং তা প্রত্যেকেরই প্রতিহত করা উচিত।

