তিন দশকের দীর্ঘ ও বর্ণাঢ্য অভিনয়জীবন উদ্যাপনের এক আবেগঘন সন্ধ্যায় অভিনেত্রী রানী মুখার্জি ফিরে দেখলেন তাঁর শিল্পজীবন ও ব্যক্তিগত পথচলার বহু স্মৃতি। ইয়াশ রাজ ফিল্মস আয়োজিত বিশেষ আলাপচারিতায় করণ জোহরের সঙ্গে কথোপকথনে তিনি তুলে ধরেন ক্যারিয়ারের শুরুর দিনগুলোর অভিজ্ঞতা, সংগ্রাম ও সাফল্যের মুহূর্ত এবং পর্দার আড়ালের মানুষ রানীর নানা অনুভূতি। ‘মারদানি ৩’ মুক্তির আগমুহূর্তে আয়োজিত ৮৪ মিনিটের এই সেশন যেন হয়ে ওঠে তাঁর জীবনের এক আন্তরিক আত্মকথন।
অনুষ্ঠানের সবচেয়ে আবেগময় মুহূর্ত আসে শেষভাগে, যখন করণ জোহর রানীর কন্যা আদিরার লেখা একটি ব্যক্তিগত চিঠি পড়ে শোনান যা প্রথমবারের মতো প্রকাশ্যে শোনা গেল। চিঠির প্রতিটি লাইনে ফুটে ওঠে মা-মেয়ের গভীর সম্পর্ক। আদিরা মাকে সম্বোধন করে লেখে, “তুমি পৃথিবীর সেরা মা।” সে জানায়, রানী শুধু একজন সফল অভিনেত্রী নন, বরং একজন নিবেদিতপ্রাণ মা, যার কাছ থেকে সে পেয়েছে অভিনয়, নাচ ও আঁকার অনুপ্রেরণা। মায়ের স্বল্পমেজাজ নিয়েও আদিরার মজার মন্তব্য অনুষ্ঠানে হাসির রেশ ছড়ায়।

চিঠির শেষাংশে আদিরা জানায়, ভবিষ্যতে সে মায়ের মতোই দয়ালু, আত্মবিশ্বাসী ও দৃঢ়চেতা হয়ে উঠতে চায়। এই ব্যক্তিগত মুহূর্ত দর্শকদের মনে করিয়ে দেয় রুপালি পর্দার ঝলমলের আড়ালেও রয়েছে ভালোবাসা, পরিবার ও আবেগে গড়া এক নীরব কিন্তু শক্ত ভিত, যার কেন্দ্রে দাঁড়িয়ে আছেন রানী একজন শিল্পী, এবং তার চেয়েও বড় করে, একজন মা।
এদিকে ‘মারদানি’ সিরিজে শুরু থেকেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে আসছেন রানী মুখার্জি। তৃতীয় পর্বেও তিনি ফিরছেন সেই সাহসী পুলিশ অফিসার রূপে। অভিরাজ মিনাওয়ালা পরিচালিত এবং আদিত্য চোপড়া প্রযোজিত ইয়াশ রাজ ফিল্মসের এই সিনেমাটি মুক্তি পাবে ৩০ জানুয়ারি।

