স্মার্ট সিটি এবং আধুনিক পরিবহণ প্রযুক্তির কেন্দ্রস্থল চীনের উহান শহরে এক প্রযুক্তিগত বিপর্যয়ের ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় সার্ভারে কারিগরি ত্রুটির কারণে শহরের ব্যস্ততম সড়কে একযোগে প্রায় ১০০টি চালকবিহীন ট্যাক্সি বা ‘রোবোট্যাক্সি’ অচল হয়ে পড়ে। গত ৩১ মার্চ (মঙ্গলবার) স্থানীয় সময় রাত ৯টার দিকের এই ঘটনায় পুরো শহরের পরিবহণ ব্যবস্থা স্থবির হয়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা দীর্ঘক্ষণ আটকা পড়েন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, এটি কোনো যান্ত্রিক বা হার্ডওয়্যারজনিত সমস্যা ছিল না। মূলত রোবোট্যাক্সি পরিচালনাকারী কেন্দ্রীয় সার্ভার বা ক্লাউড সিস্টেমে কারিগরি বিভ্রাট দেখা দেয়ায় গাড়িগুলো একযোগে কমান্ড গ্রহণ করা বন্ধ করে দেয়। স্বয়ংক্রিয় কমান্ডের ওপর নির্ভরশীল এই ট্যাক্সিগুলো রাস্তার ঠিক মাঝখানেই স্থবির হয়ে পড়ে। গাড়িগুলোর দরজা স্বয়ংক্রিয় হওয়ায় এবং সিস্টেম লক হয়ে যাওয়ায় অনেক যাত্রী ভেতরে আটকা পড়ে আতঙ্কিত হয়ে পড়েন। পরবর্তীতে জরুরি কারিগরি দল ঘটনাস্থলে পৌঁছে ম্যানুয়ালি দরজা খুলে যাত্রীদের উদ্ধার করতে সক্ষম হয়।
রাস্তার মাঝখানে কোনো চালক ছাড়াই গাড়িগুলো দাঁড়িয়ে থাকায় উহানের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে মাইলের পর মাইল যানজট সৃষ্টি হয়। অনেক চালক অভিযোগ করেন, প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা জননিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে।
এই ঘটনাটি স্বয়ংচালিত প্রযুক্তির (Autonomous Technology) নির্ভরযোগ্যতা নিয়ে নতুন করে বড় ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে। হ্যাকিং বা সিস্টেম ফেইলিয়রের মাধ্যমে একটি পুরো শহরের পরিবহণ ব্যবস্থাকে কীভাবে স্থবির করে দেওয়া সম্ভব, এই ঘটনা তার একটি স্পষ্ট উদাহরণ। কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এই ব্যবস্থায় একটি একক ‘পয়েন্ট অফ ফেইলিয়র’ যে কত বড় বিপর্যয় ডেকে আনতে পারে, তা এখন বিশেষজ্ঞদের আলোচনার কেন্দ্রে।
রোবোট্যাক্সি পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘বাইদু’ (Baidu – Apollo Go) এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা দ্রুত ত্রুটি শনাক্ত করেছে এবং ভবিষ্যতে এই ধরনের ‘সিস্টেম গ্লিচ’ এড়াতে অ্যালগরিদম ও ব্যাকআপ সার্ভার আপগ্রেড করার কাজ শুরু করেছে। এদিকে, উহান স্থানীয় প্রশাসন এই প্রযুক্তির নিরাপত্তা নিশ্চিতে এবং জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক নিয়ন্ত্রণের সুযোগ রাখতে নতুন নীতিমালা প্রণয়নের ঘোষণা দিয়েছে।

