অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির মৃত্যুর পর যখন টলিপাড়া শোক ও আলোচনায় উত্তাল, ঠিক সেই সময়েই সামনে এলো আরেকটি চাঞ্চল্যকর অভিযোগ। বাংলা টেলিভিশন জগতের প্রভাবশালী প্রযোজক ও ‘টেন্ট সিনেমা’র কর্ণধার সুশান্ত দাসের বিরুদ্ধে যৌন হেনস্তা ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছেন অভিনেত্রী সুকন্যা দত্ত গুহ। শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই নয়, বিষয়টি নিয়ে তিনি ইতিমধ্যেই ভারতের ‘ন্যাশনাল কমিশন ফর উইমেন’-এর দ্বারস্থ হয়েছেন।
সুকন্যার অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে কয়েক বছর আগের ঘটনা। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, গত আট বছর ধরে সুশান্ত দাস তাকে এবং তার পরিবারকে বিভিন্নভাবে মানসিক ও শারীরিকভাবে হেনস্তা করে আসছেন। ঘটনার সূত্রপাত জনপ্রিয় ধারাবাহিক ‘দীপ জ্বেলে যাই’-এর সেটে। সুকন্যার ভাষ্য, প্রযোজক তাকে কুপ্রস্তাব দিয়েছিলেন এবং প্রস্তাবে রাজি না হওয়ায় তার দৃশ্য বাদ দেওয়া হয়। তিনি বলেন, রাজি না হওয়ায় তার সিন পুরোপুরি বাদ দিয়ে শুধু একটি পাসিং শট রাখা হয়েছিল, আর সেখান থেকেই শুরু হয় তার ওপর নানা ধরনের অনাচার।
অভিনেত্রী আরও অভিযোগ করেন, তার বাবাকে ভালো কাজের সুযোগ করে দেওয়ার প্রলোভনও দেখানো হয়েছিল। মফস্বলের মেয়ে হওয়ায় এবং ক্যারিয়ার নষ্ট হওয়ার ভয়ে এতদিন চুপ ছিলেন তিনি। তবে স্বামীর সাহস জোগানো এবং চার মাসের সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই তিনি এখন প্রকাশ্যে এসেছেন বলে জানান।
অন্যদিকে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগে বিস্ময় প্রকাশ করেছেন প্রযোজক সুশান্ত দাস। তিনি বলেন, সুকন্যা ২০১৯ সালে তার একটি ধারাবাহিকে কাজ করেছিলেন, কিন্তু এত বছর পর হঠাৎ এমন অভিযোগ তোলা তাকে অবাক করেছে। তিনি দাবি করেন, বিষয়টি সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং তিনি অভিযোগের সত্যতা অস্বীকার করেন।

