প্রধান খবর

ওমরাহ করতে গিয়ে অভিনেত্রীর মৃত্যু

ওমরাহ পালন করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মালয়েশিয়ার জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া কেসুমা। গত ১৪ জানুয়ারি ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের জেদ্দায় পৌঁছানোর পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরদিন ১৫ জানুয়ারি সকাল ৮টায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর।

অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী ড. মুহাম্মদ কামারুল কাবিলান আবদুল্লাহ। পাশাপাশি তার ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেত্রী নরিনী আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা দিয়ে মৃত্যুর খবর নিশ্চিত করেন।

নাদিয়ার মেয়ে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, তার মা ১৫ জানুয়ারি সকাল ৮টা ৫ মিনিটে ইন্তেকাল করেন। তিনি সবার কাছে তার মায়ের আত্মার মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেন।

পরিবার ও ঘনিষ্ঠ সূত্র জানায়, জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর দিনই নাদিয়া হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও কয়েক ঘণ্টার মধ্যেই তার মৃত্যু হয়।

নাদিয়া কেসুমা মালয়েশিয়ার একজন পরিচিত অভিনেত্রী ছিলেন। ‘শয়তান মুনাফিক’ ও ‘কুদেতা’সহ একাধিক চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকমহলে জনপ্রিয়তা অর্জন করেন। তার প্রকৃত নাম নাদিয়াহ কাসুমাওয়াতি আব্দুল করিম। আকস্মিক এই মৃত্যুতে মালয়েশিয়ার বিনোদন অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *