প্রধান খবর

সিরিয়ায় বিদ্রোহীদের হামলায় ১১ সেনা নিহত

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রথম দিনেই সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ/ওয়াইপিজি)-এর একাধিক হামলায় সিরীয় সেনাবাহিনীর ১১ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। বুধবার (২১ জানুয়ারি) সিরিয়া সরকারের বরাতে আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।

রাষ্ট্রীয় আল-আখবারিয়াহ টেলিভিশনের খবরে বলা হয়, উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের আল-ইয়ারুবিয়াহ এলাকায় সাতজন সেনা নিহত হন। এছাড়া হাসাকার দক্ষিণে মাউন্ট আবদুল আজিজ এলাকায় দুইজন এবং আলেপ্পোর পূর্বাঞ্চলের সিরিন এলাকায় আরও দুই সেনা প্রাণ হারান।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, আল-ইয়ারুবিয়াহ সীমান্ত ক্রসিংয়ের কাছে একটি গোলাবারুদ ঘাঁটিতে এসডিএফের চালানো ড্রোন হামলায় সাত সেনা নিহত এবং অন্তত ২০ জন আহত হন। মন্ত্রণালয়ের দাবি, ওই এলাকায় তল্লাশির সময় সেনারা বিস্ফোরক ও ড্রোন অস্ত্র তৈরির একটি কারখানা শনাক্ত করে, যেখানে ইরানে তৈরি একাধিক ড্রোন পাওয়া যায়। নিরাপত্তা নিশ্চিতকালে সেখানে আত্মঘাতী ড্রোন হামলা চালানো হয়।

এদিকে সিরীয় সেনাবাহিনীর অপারেশন কমান্ড জানায়, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার ২০ ঘণ্টার মধ্যেই এসডিএফ বাহিনী বিভিন্ন সামরিক অবস্থানে ধারাবাহিক হামলা চালায়। এসব হামলার মধ্যে ড্রোন, ভারী অস্ত্র ও আর্টিলারি ব্যবহারের অভিযোগ করা হয়। পৃথক সংঘর্ষে আরও কয়েকজন সেনা নিহত ও আহত হন এবং একটি ট্যাংকসহ একাধিক সামরিক যান ক্ষতিগ্রস্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *