রাজধানীর কল্যাণপুরের আলোচিত ‘জাহাজবাড়ি’ ভবনে জঙ্গি অভিযানের নামে ৯ তরুণকে হত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানি আজ। সোমবার (৬ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই চাঞ্চল্যকর মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এর আগে গত ৮ মার্চ এই মামলায় পলাতক ছয় আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের আবেদন করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। একই সময়ে তিনি শুনানির প্রস্তুতির জন্য আদালতের কাছে সময় প্রার্থনা করেছিলেন। সেই আবেদনের ধারাবাহিকতায় আজ অভিযোগ গঠন বিষয়ে বিস্তারিত শুনানি হবে। আদালত ইতিমধ্যে পলাতক আসামিদের হাজির হওয়ার জন্য গত ২২ ফেব্রুয়ারি দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিলেন।
এই মামলায় বর্তমানে সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও পলাতক আসামিদের তালিকায় রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান, সিটিটিসি-র সাবেক প্রধান মনিরুল ইসলাম, সাবেক যুগ্ম কমিশনার কৃষ্ণ পদ রায় এবং আব্দুল বাতেন। গত ২৯ জানুয়ারি প্রসিকিউশনের দেওয়া অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল এই আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালের ২৫ জুলাই রাতে কল্যাণপুরের জাহাজবাড়ি ভবনে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ‘অপারেশন স্ট্রম-২৬’ পরিচালনা করে। প্রসিকিউশনের দাবি, এটি কোনো প্রকৃত অভিযান ছিল না বরং তথাকথিত জঙ্গি আস্তানার নাটক সাজিয়ে সেখানে ৯ জন তরুণকে গুলি করে হত্যা করা হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য করে ট্রাইব্যুনালে এই মামলা দায়ের করা হয়। আজকের শুনানির মাধ্যমে আলোচিত এই বিচার প্রক্রিয়ায় নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

