প্রধান খবর

স্বপ্ন পূরণের পথে জিদান

অবশেষে অবসান হতে যাচ্ছে দীর্ঘ প্রতীক্ষার। ফুটবল বিশ্বে দীর্ঘদিনের গুঞ্জনকে বাস্তবে রূপ দিয়ে ফ্রান্স জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন কিংবদন্তি জিনেদিন জিদান। তবে এই স্বপ্নযাত্রার চূড়ান্ত সূচনার জন্য ফুটবলপ্রেমীদের অপেক্ষা করতে হবে আরও কয়েক মাস। আগামী ২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পরপরই জিদানকে ফ্রান্সের প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে ফরাসি ফুটবল ফেডারেশন। মূলত বর্তমান কোচ দিদিয়ের দেশমের বিদায়ের পরই শুরু হবে জিনেদিন জিদানের নতুন এই অধ্যায়।

আগামী ১২ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হতে যাওয়া বিশ্বকাপের পরই বর্তমান হেড কোচ দিদিয়ের দেশম পদত্যাগ করবেন বলে জানা গেছে। খেলোয়াড় এবং কোচ-উভয় হিসেবেই ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো এই কিংবদন্তি ইতিমধ্যে বিদায়ের ইঙ্গিত দিয়ে রেখেছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ এক প্রতিবেদনে দাবি করেছে, জিদানের সঙ্গে ফ্রান্স ফুটবল ফেডারেশনের চুক্তি সম্পন্ন হয়ে গেছে। এখন কেবল বিশ্বকাপ শেষে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে কিলিয়ান এমবাপ্পেদের কোচ হিসেবে তাকে পরিচয় করিয়ে দেওয়ার অপেক্ষা।

খেলোয়াড়ি জীবনে ফ্রান্সের জার্সিতে জিনেদিন জিদান ছিলেন অনন্য। ১৯৯৮ সালে একক নৈপুণ্যে দেশকে বিশ্বকাপ জেতানোর পাশাপাশি জিতেছিলেন ব্যালন ডি’অর। ২০০৬ সালে ফুটবলকে বিদায় জানানোর পর কোচ হিসেবেও তিনি দেখিয়েছেন অসামান্য কারিশমা। রিয়াল মাদ্রিদের ডাগআউটে দাঁড়িয়ে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের ঐতিহাসিক রেকর্ড গড়েছেন ৫৩ বছর বয়সী এই মাস্টারমাইন্ড। রিয়াল মাদ্রিদ ছাড়ার পর বায়ার্ন মিউনিখ বা পিএসজির মতো বড় বড় ক্লাবের প্রস্তাব থাকলেও জিদান বারবারই তা প্রত্যাখ্যান করেছেন কেবল ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়ার অপেক্ষায়।

ফরাসি ফুটবল ফেডারেশনের লক্ষ্য এখন জিদানের হাত ধরে এক নতুন সোনালী প্রজন্মের উত্থান ঘটানো। দীর্ঘ সময় ধরে কোচিং থেকে দূরে থাকা জিদান নিজেও বারবার জানিয়েছেন, তার হৃদয়ে কেবল ফ্রান্সের কোচের দায়িত্ব নেওয়ার আকাঙ্ক্ষাই প্রবল। ২০২৬ বিশ্বকাপের পর কিলিয়ান এমবাপ্পে এবং উসমান ডেম্বেলেদের মতো তারকাদের নিয়ে সাজানো ফরাসি ডাগআউটে জিদানের উপস্থিতি বিশ্ব ফুটবলে নতুন এক উন্মাদনা তৈরি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *