অভিনব প্রতিবাদ করেছে সেনেগাল। আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) সিদ্ধান্তকে উপেক্ষা করে ট্রফি উদযাপন করেছে দেশটি। পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচের আগে মাঠে দর্শকদের সামনে ট্রফি নিয়ে প্যারেড করে সেনেগাল। যদিও আফ্রিকান নেশনস কাপ (অ্যাফকন) ফাইনালের দুই মাস পর সিএএফ মরক্কোকে বিজয়ী ঘোষণা করে।
কাগজে-কলমে চ্যাম্পিয়ন মরক্কো হলেও মাঠের উদযাপন করেছে সেনেগাল। সিএএফের সিদ্ধান্তকে উপেক্ষা করে এমন অভিনব প্রতিবাদ জানায় তেরাঙ্গা লায়ন্স।
শনিবার ফ্রান্সে পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচের আগে স্টাদ দে ফ্রঁস-এ হাজার হাজার দর্শকের সামনে ট্রফি নিয়ে শোভাযাত্রা করে সেনেগাল। প্যারেডের নেতৃত্বে ছিলেন অধিনায়ক কালিদু কুলিবালি ও গোলরক্ষক এদুয়ার্ড মেন্ডি। দলের বাকি খেলোয়াড়রাও এতে অংশ নেন। ইনজুরির কারণে দলে ছিলেন না সাদিও মানে। তবে গ্যালারিতে সেনেগালিজ সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
ম্যাচপূর্ব এই উদযাপনের অংশ হিসেবে সংগীতশিল্পী ইউসু এনডোর কনসার্টেও ট্রফি উৎসবে মেতে ওঠে ফুটবলাররা।
প্যারিসের উপশহর সাঁ-দেনিসে বিপুল সংখ্যক সেনেগালিজ প্রবাসীর বসবাস। তাদের সঙ্গে ট্রফির আনন্দ ভাগ করে নিতেই এমন আয়োজন করে সেনেগাল ফুটবল ফেডারেশন। যদিও আইনি নিষেধাজ্ঞা উপেক্ষা করেই এই আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। ইতোমধ্যে সিএএফ-এর সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) আপিল করেছে দেশটি।
অ্যাফকনের পর প্রথমবার মাঠে নেমেছিলেন পাপে থিয়াওয়ের শিষ্যরা। সেই ম্যাচেও তারা দুই তারকা-সম্বলিত জার্সি পরে প্রতীকী প্রতিবাদ জানান।

