সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে এখন উপচে পড়া পর্যটকের ভিড়। ছুটির আমেজ ও অনুকূল আবহাওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো মানুষ সৈকতে নেমে গোসল, খেলাধুলা ও উল্লাসে মেতে উঠেছেন। তিন নদীর মোহনা, লেম্বুর বন, শুটকি পল্লী, ঝাউবাগান ও গঙ্গামতিসহ সব দর্শনীয় স্থানে পর্যটকদের উপস্থিতি বেড়েছে কয়েকগুণ। হোটেল-মোটেলগুলোতে শতভাগ বুকিং, ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতেও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
মঙ্গলবার (২৪ মার্চ) ভোর থেকেই সূর্যোদয় দেখতে সৈকতে জড়ো হন পর্যটকরা। সূর্যের আলো বাড়ার সঙ্গে সঙ্গে নীল সমুদ্রে নেমে পড়েন নানা বয়সী দর্শনার্থীরা। কেউ ঢেউয়ের সঙ্গে লাফালাফি করছেন, কেউ ছবি তুলছেন, আবার কেউ বালুচরে বসে উপভোগ করছেন প্রকৃতির সৌন্দর্য। পর্যটকদের পদচারণায় মুখরিত পুরো কুয়াকাটা।
পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ, স্থানীয় প্রশাসন ও লাইফগার্ড কর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন। ঝুঁকিপূর্ণ এলাকায় লাল পতাকা টানানো হয়েছে এবং মাইকিং করে সতর্ক করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন।

