ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্ব শত্রুতার জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে আক্তার মিয়া নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের গোয়ালনগর গ্রামে এ সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলমান ছিল। আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে গোয়ালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের অনিয়মের অভিযোগে বিএনপির সমর্থক রহিম তালুকদার গোষ্ঠীর জিয়াউর রহমানকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ দিনের কারাদণ্ড দেন। এ ঘটনার জন্য জিয়াউর রহমান একই গ্রামের কাসেম মিয়ার গোষ্ঠীর শিশু মিয়াকে সন্দেহ করে প্রতিশোধপরায়ণ হয়ে ওঠেন। সেই উত্তেজনা কয়েকদিন ধরেই চলছিল এবং এর জের ধরেই আবারও সংঘর্ষে জড়ায় দুই পক্ষ।
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

