এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে পল্টন থানায় হওয়া মানবপাচার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। তার বিরুদ্ধে এখন পর্যন্ত ১১টি মামলার তথ্য পেয়েছে ডিবি।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, সোমবার গভীর রাতে রাজধানীর বারিধারার একটি এলাকা থেকে ডিবির একটি দল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে পাওয়া ১১ মামলার মধ্যে ফেনী জেলায় তিনটি মামলা বিচারাধীন রয়েছে।
ডিবির দাবি, তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

