পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের ম্যাচগুলো এবার অনুষ্ঠিত হবে মাত্র দুটি ভেন্যুতে লাহোর ও করাচি। প্রতিটি ভেন্যুতে হবে ২২টি করে ম্যাচ। মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকটের কারণে আয়োজক কমিটি ছয় ভেন্যুর পরিবর্তে টুর্নামেন্টকে দুই ভেন্যুতে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে সব ম্যাচই হবে দর্শকবিহীন স্টেডিয়ামে।
কোনো ম্যাচের তারিখ পরিবর্তন করা হয়নি, শুধু ভেন্যু বদলানো হয়েছে। আগামী ২৬ মার্চ উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আতিথ্য দেবে নতুন ফ্র্যাঞ্চাইজি হায়দ্রাবাদ কিংসমেনকে।
পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি সংবাদ সম্মেলনে বলেন, “আমরা মানুষকে চলাচল সীমিত করতে বলতে পারি না। প্রতিদিন এই স্টেডিয়ামে প্রায় ৩০ হাজার মানুষ আসে। তাই যতদিন এই সমস্যা চলবে, আমরা কোনো দর্শককে মাঠে প্রবেশের অনুমতি দেব না। এটা কঠিন সিদ্ধান্ত, কিন্তু বাধ্য হয়েই নিতে হয়েছে।” তিনি আরও জানান, পিএসএলের উদ্বোধনী অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।

