প্রধান খবর

হ্যামস্ট্রিং চোটে রোনালদো জাতীয় দলের বাইরে

হ্যামস্ট্রিংয়ের চোট ক্রিস্তিয়ানো রোনালদোকে বেশ ভোগাচ্ছে। ক্লাবের হয়ে টানা দুই ম্যাচ মিস করার পর এবার জাতীয় দলের হয়েও মাঠে নামতে পারছেন না পর্তুগিজ সুপারস্টার। মার্চের শেষ সপ্তাহে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল, আর এ জন্য দল ঘোষণা করেছেন কোচ রবের্তো মার্তিনেস। ডান হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ম্যাচ দুটির একটিতেও থাকছেন না রোনালদো।

এটাই পর্তুগালের জন্য বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি পর্ব, আর সেই গুরুত্বপূর্ণ ধাপেই রোনালদোর অনুপস্থিতি বাড়িয়েছে শঙ্কা।

সৌদি প্রো লিগে ২৮ ফেব্রুয়ারি আল ফাইহার বিপক্ষে ম্যাচে চোট পান তিনি। ৮১ মিনিট খেলার পর মাঠ ছাড়েন। পরে ক্লাব জানায়, তার হ্যামস্ট্রিংয়ে সমস্যা ধরা পড়েছে এবং তিনি পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন। তবে চোট কতটা গুরুতর বা মাঠে ফিরতে কতদিন লাগবে এ বিষয়ে কিছুই জানানো হয়নি।

আগামী ১১ জুন শুরু হবে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ ৪৮ দলের অংশগ্রহণে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে। চলবে ১৯ জুলাই পর্যন্ত।
৪১ বছর বয়সী রোনালদোর ক্যারিয়ারের এটি সম্ভবত শেষ বিশ্বকাপ। তাই টুর্নামেন্টের কয়েক মাস আগে এমন চোট নিয়ে নানা গুঞ্জনও ছড়িয়েছে। এবার জাতীয় দলের স্কোয়াডে না থাকায় সেই শঙ্কা আরও বেড়েছে।

পর্তুগাল সমর্থকদের আশা রোনালদো দ্রুতই সুস্থ হয়ে বিশ্বকাপের আগে মাঠে ফিরবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *