কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে বাস-ট্রেন সংঘর্ষে হতাহতের ঘটনার পর এবার দুই গেটম্যানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গেটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে আসামি করে সোমবার (২৩ মার্চ) লাকসাম রেলওয়ে থানায় মামলা করেন নিহত সোহেল রানার খালা শেফালী আক্তার।
লাকসাম রেলওয়ে থানা (জিআরপি) পুলিশের ওসি জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এর আগে রোববার দুর্ঘটনার পরপরই গেটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে বরখাস্ত করা হয়। পাশাপাশি স্টেশন মাস্টারের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিলেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
এই দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। তদন্ত শেষে প্রকৃত কারণ উদঘাটন ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

