ঢাকায় আজ রবিবার (২২ নভেম্বর) শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) গুরুত্বপূর্ণ বৈঠক। আগামী ২৩ নভেম্বর পর্যন্ত চলবে এ বৈঠক। এতে দুই দেশের প্রতিনিধিরা গঙ্গা ও পদ্মা নদীর পানিপ্রবাহ-সংক্রান্ত তথ্য-উপাত্ত বিনিময় করবেন।
বাংলাদেশের পক্ষে প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির। ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দেশটির পানিসম্পদ বিভাগের কমিশনার শরদ চন্দ্র। বৈঠকের অংশ হিসেবে দুই দেশের সমন্বিত প্রতিনিধিদল হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় নদীর পানিপ্রবাহ পরিমাপ ও পর্যবেক্ষণ করবে।
১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গা পানিবণ্টন চুক্তির অধীনে এটিই দুই দেশের সর্বশেষ আনুষ্ঠানিক বৈঠক। আগামী ১১ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কথা। তবে চুক্তি নবায়ন বা নতুন চুক্তির বিষয়টি এবারের বৈঠকের আলোচ্যসূচিতে রাখা হয়নি বলে জানিয়েছে যৌথ নদী কমিশন।
বিশেষজ্ঞদের আশঙ্কা, বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক রাজনৈতিক দূরত্ব চুক্তি নবায়নের প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। অন্যদিকে বাংলাদেশের দাবি, ভবিষ্যতে চুক্তি নবায়ন করা হলে ন্যায্য হিস্যা অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ পানি পাওয়ার নিশ্চয়তা বা গ্যারান্টি ক্লজ যুক্ত করতে হবে।
উজানে গঙ্গা নদীতে ভারতের বাঁধ ও জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রভাব শুষ্ক মৌসুমে বাংলাদেশের পদ্মা নদীর পানিপ্রবাহে পড়ছে বলে বিভিন্ন মহলে উদ্বেগ রয়েছে। এতে কৃষি, মৎস্য ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাবের আশঙ্কা করা হচ্ছে।

