চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হলে প্রক্টরিয়াল টিম ও হল প্রশাসনের যৌথ মাদকবিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায় সাত শিক্ষার্থী ও এক অতিথিকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে হলের অপর একটি কক্ষে তল্লাশির সময় দুই আবাসিক শিক্ষককে (হাউস টিউটর) ধাক্কা দেওয়া ও হেনস্তা করার অভিযোগ উঠেছে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে হলের সি ব্লকের ৬১২ নম্বর কক্ষে এ অভিযান চালানো হয়। হল প্রশাসন ও প্রক্টরিয়াল টিম জানিয়েছে, কক্ষটিতে মোট আটজনকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। তাঁদের মধ্যে সাতজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং একজন বহিরাগত অতিথি। শিক্ষার্থীদের পাঁচজন শহীদ ফরহাদ হোসেন হলের, একজন অতীশ দীপঙ্কর হলের এবং অপরজন অনাবাসিক। তল্লাশি চালিয়ে কক্ষটি থেকে কাঁচা গাঁজা, বিয়ারের বোতল ও ইলেকট্রনিক সিগারেটসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
অভিযানে আটক শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের স্মিত রেমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শাফিউস জামান অয়ন, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের মিনহাজুল ইসলাম, আধুনিক ভাষা ইনস্টিটিউটের শাওন খান, ফিজিক্যাল অ্যাডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ইজনূর সায়মুন এবং সমাজতত্ত্ব বিভাগের ফাহিম আহমেদ শাহিদ ও মো. মাহাবুব রহমান। এ ছাড়া ঢাকা থেকে আসা কামরুল ইসলাম নামের এক অতিথিকেও সেখানে পাওয়া যায়।
পরে একই ব্লকের ১০৪ নম্বর কক্ষে অভিযান চালাতে গেলে বাধার মুখে পড়েন শিক্ষকেরা। একপর্যায়ে ইতিহাস বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান এবং ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের ইবরাজ হাসান মাহমুদ সামির দুই হাউস টিউটরকে ধাক্কা দেন ও উগ্র আচরণ করেন বলে অভিযোগ ওঠে। ভুক্তভোগী হাউস টিউটর বাপ্পারাজ হাওলাদার জানান, কক্ষে প্রবেশে বাধা দিতেই ওই দুই শিক্ষার্থী তাঁদের ধাক্কা দেন।
শহীদ ফরহাদ হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. এইচএস ফারুক আলম বলেন, “মাদক সেবনের আলামত উদ্ধারের পর ৬১২ নম্বর কক্ষটি সিলগালা করা হয়েছে এবং অভিযুক্ত আবাসিক শিক্ষার্থীদের সিট বাতিলের প্রক্রিয়া চলছে।”
সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন জানান, গান-বাজনার আড়ালে কক্ষটিতে মাদক সেবন চলছিল এবং চারটি টেবিলে কোনো বই পাওয়া যায়নি। শিক্ষককে ধাক্কা দেওয়ার ঘটনায় অভিযুক্তরা পরে ক্ষমা চাইলেও পুরো বিষয়টি শৃঙ্খলা কমিটিতে তোলা হবে বলে জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন জানিয়েছেন, হল প্রশাসনের মাধ্যমে আবাসিক শিক্ষার্থীদের সিট বাতিলসহ সবার বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

