প্রধান খবর

ভারতের অনুমতি না পেয়ে তাজমহল ও নিজামুদ্দিন দরগাহে যেতে পারলেন না পাকিস্তানের মন্ত্রী

ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সভায় যোগ দিতে গিয়ে আগ্রার তাজমহল ও দিল্লির নিজামুদ্দিন দরগাহ পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেছিলেন পাকিস্তানের জলবায়ুমন্ত্রী মুসাদ্দিক মালিক। তবে এসসিওর নির্ধারিত কর্মসূচির বাইরে অন্য কোথাও যাওয়ার অনুমতি দেয়নি ভারত সরকার। ফলে তাজমহল ও নিজামুদ্দিন দরগাহ-কোনোটিই দেখা হচ্ছে না তাঁর।

কূটনৈতিক ও সরকারি সূত্রের বরাতে জানা গেছে, মুসাদ্দিক মালিক আগ্রার তাজমহল এবং দিল্লির নিজামুদ্দিন দরগাহ পরিদর্শনের অনুমতি চেয়েছিলেন। তবে নয়াদিল্লি তাঁকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভারত সফরে তিনি শুধু এসসিওর আনুষ্ঠানিক অনুষ্ঠানগুলোতেই অংশ নিতে পারবেন। নিরাপত্তা ছাড়পত্র সাপেক্ষে তাজমহল সফরের সামান্য সম্ভাবনা থাকলেও নিজামুদ্দিন দরগাহ পরিদর্শনের অনুমতি মেলেনি।

নয়াদিল্লির ঐতিহাসিক পুরানা কিল্লায় ২০ থেকে ২২ নভেম্বর প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এসসিও সিভিলাইজেশনাল ডায়ালগ ফোরাম। এই আয়োজনে অংশ নিতেই বর্তমানে দিল্লি সফর করছেন মুসাদ্দিক মালিক।

২০২৩ সালে ভারতের গোয়ায় অনুষ্ঠিত এসসিওর বৈঠকে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির অংশগ্রহণের পর এই প্রথম পাকিস্তানের কোনো কেন্দ্রীয় মন্ত্রী ভারত সফর করছেন। একই সঙ্গে ২০২৫ সালের মে মাসে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতের ‘অপারেশন সিঁদুর’ পরিচালনার পর এটিই পাকিস্তানের কোনো নেতার প্রথম ভারত সফর। গত ২৮ অক্টোবর ভারত সরকার জানায়, প্রচলিত রীতি অনুযায়ী পাকিস্তানসহ এসসিওর সব সদস্যদেশকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

এদিকে, পাকিস্তান সরকারের এক বিবৃতিতে বলা হয়, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এসসিওর কাঠামোর মধ্যে সভ্যতাগুলোর সংলাপ এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ ইসলামাবাদ। তবে পাকিস্তানের মন্ত্রীকে আমন্ত্রণ জানানোর ঘটনায় ভারতের বিরোধী দলগুলো কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছে। পেহেলগাম হামলার পর পাকিস্তানের প্রতি ভারতের নীতিতে কী পরিবর্তন এসেছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে তারা। এ সময় সিন্ধু পানি চুক্তি স্থগিতের বিষয়ে মুসাদ্দিক মালিকের আগের আগ্রাসী বক্তব্যের প্রসঙ্গও সামনে এনেছে বিরোধীরা।

উল্লেখ্য, ২০০১ সালে রাশিয়া, চীন ও মধ্য এশিয়ার চারটি দেশ মিলে সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) প্রতিষ্ঠা করে। ২০১৭ সালে ভারত ও পাকিস্তান সংস্থাটির পূর্ণ সদস্য হয় এবং ২০২৩ সালে ইরানও সদস্যপদ লাভ করে। দ্বিপক্ষীয় শীতল সম্পর্কের মধ্যেও এসসিওর ফোরামে দুই দেশের প্রতিনিধিদের এই অংশগ্রহণ আঞ্চলিক রাজনীতিতে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *