আন্তর্জাতিক সংগীতাঙ্গনের জনপ্রিয় রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা আবারও ঢাকার মঞ্চে গাইতে আসছেন। আগামী ২৭ নভেম্বর শুক্রবার রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে ‘ওটিলিয়া রিটার্নস: বিলিয়নেরা লাইভ ইন ঢাকা’ শীর্ষক এই আন্তর্জাতিক কনসার্ট অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে অনলাইনে কনসার্টটির টিকিট বিক্রি শুরু হয়েছে, যা সর্বনিম্ন ২ হাজার ৫০০ টাকা থেকে সংগ্রহ করতে পারবেন দর্শকেরা।
দেশের অন্যতম ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশ কনসার্টটির আয়োজন করছে। টিকিটিং পার্টনার হিসেবে রয়েছে টিকিফাই (Tickify), যার ওয়েবসাইট থেকে দর্শকেরা সহজেই টিকিট কিনতে পারবেন। বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় ‘বিলিয়নেরা’ গানের মাধ্যমে পরিচিতি পাওয়া ওটিলিয়ার এই লাইভ পারফরম্যান্স ঘিরে এরই মধ্যে বাংলাদেশের সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উন্মাদনা তৈরি হয়েছে।
আয়োজক প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশ জানিয়েছে, কনসার্টটি আয়োজনের জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর ও কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন এবং আনুষ্ঠানিক অনুমতিপত্র নেওয়া হয়েছে। সরকারি নির্দেশনা ও প্রযোজ্য বিধিবিধান মেনেই সম্পূর্ণ আয়োজনটি পরিচালনা করা হবে।
আয়োজন প্রসঙ্গে ইমেকার্স বাংলাদেশের ফাউন্ডার অ্যান্ড সিইও নাইম আশরাফ বলেন, “আমরা অতীতে অরিজিৎ সিং লাইভ ইন ঢাকা, নেহা কক্কর লাইভ ইন ঢাকা, নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ কনসার্ট এবং কনসার্ট ফর নেপালের মতো বেশ কিছু উল্লেখযোগ্য সিগনেচার ইভেন্ট আয়োজন করেছি। এবারের ওটিলিয়া কনসার্টটিকেও আমরা একটি সিগনেচার ইভেন্ট হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। সেই লক্ষ্যে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে আন্তর্জাতিক মানের আয়োজন উপহার দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।”
তিনি আরও যোগ করেন, দর্শকদের আনন্দ ও সন্তুষ্টির পাশাপাশি পুরো আয়োজনের সুষ্ঠু ব্যবস্থাপনাও তাঁদের কাছে সমান গুরুত্বপূর্ণ। দর্শক, শিল্পী ও সংশ্লিষ্ট সবার জন্য সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে দেশের বিনোদন অঙ্গনে কাজ করে আসা প্রতিষ্ঠানটি প্রত্যাশা করছে, ওটিলিয়ার এই কনসার্ট দেশের সংগীতপ্রেমীদের জন্য বছরের অন্যতম আকর্ষণীয় আন্তর্জাতিক আয়োজন হয়ে উঠবে।

