২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণপত্র তাঁর হাতে তুলে দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বুধবার (১৮ নভেম্বর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় প্রেসিডেন্টের সচিবালয়ে অনুরা কুমারা দিসানায়েকের সঙ্গে সাক্ষাৎ করেন হুমায়ুন কবির। এ সময় তিনি প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রেসিডেন্ট আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছেন এবং বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন।
সাক্ষাতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বাংলাদেশের নেতৃত্বের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশাও জানান। এ সময় দুই দেশের সম্পর্ক জোরদারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
হুমায়ুন কবির শ্রীলঙ্কার দারিদ্র্য বিমোচনে ‘ক্লিন শ্রীলঙ্কা’ ও ‘প্রজা শক্তি’ উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি বাংলাদেশের খাল খনন, বৃক্ষরোপণ, নবায়নযোগ্য জ্বালানি, ফ্যামিলি কার্ড ও ফার্মার্স কার্ড কর্মসূচি সম্পর্কে প্রেসিডেন্টকে অবহিত করেন।
সাক্ষাৎ শেষে দুই দেশের সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

