বয়স ৭৫ ছুঁইছুঁই হলেও এখনো দক্ষিণী চলচ্চিত্রে সমান দাপটের সঙ্গে রাজত্ব করে যাচ্ছেন কিংবদন্তি সুপারস্টার রজনীকান্ত। চার দশকেরও বেশি সময় ধরে অভিনয়জগতে নিজের অবস্থান ধরে রাখা এই অভিনেতা একসময় ছিলেন সাধারণ একজন বাস কন্ডাক্টর। কঠোর পরিশ্রম ও দর্শকদের ভালোবাসায় আজ তিনি কয়েকশ কোটি টাকার সম্পদের মালিক। তবে সম্প্রতি এক বিরল ও মানবিক সিদ্ধান্তের কথা জানিয়ে ভক্তদের হৃদয় জয় করেছেন তিনি। রজনীকান্ত ঘোষণা দিয়েছেন, মৃত্যুর পর তার বিপুল সম্পত্তির একটি অংশও পরিবারের সদস্যরা পাবেন না; বরং তা তামিলনাড়ুর সাধারণ মানুষের কল্যাণে উৎসর্গ করা হবে।
সম্প্রতি নিজের এই মহৎ ইচ্ছার কথা প্রকাশ্যে আনেন তিনি। রজনীকান্ত জানান, তার মৃত্যুর পর চেন্নাইয়ের কোদামবাক্কামে অবস্থিত ঐতিহাসিক ‘রাঘবেন্দ্র মণ্ডপম’-এর পুরো সম্পত্তি একটি পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের অধীনে হস্তান্তর করা হবে। এই ট্রাস্টের মাধ্যমে অর্জিত প্রতিটি পয়সা তামিলনাড়ুর অসহায় ও সাধারণ মানুষের কল্যাণে ব্যয় করা হবে।
পরিবারের সদস্যদের পরিবর্তে সাধারণ মানুষকে সম্পত্তি লিখে দেওয়ার পেছনে রয়েছে ভক্তদের প্রতি তার গভীর কৃতজ্ঞতাবোধ। এ প্রসঙ্গে আবেগঘন কণ্ঠে রজনীকান্ত বলেন, ‘আমার মৃত্যুর পর এই রাঘবেন্দ্র মণ্ডপমের পুরো সম্পত্তিটা পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের কাছে চলে যাবে। প্রতিটি পয়সা যাবে তামিলনাড়ুর সেই মানুষদের কাছে, যারা আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমার পরিবার এক পয়সাও পাবে না। কারণ, তামিলনাড়ুর জনগণই বছরের পর বছর আমার সিনেমার টিকিট কিনে আমার কর্মজীবনে সমর্থন জুগিয়েছেন। টিকিটের দাম যেমনই থাকুক না কেন, এখানকার মানুষ সবসময় আমার সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে ছুটে গেছেন। তাদের সেই ভালোবাসার প্রতিদান হিসেবেই আমার এই সিদ্ধান্ত।’
উল্লেখ্য, চেন্নাইয়ের কোদামবাক্কামে প্রায় সোয়া একর জায়গাজুড়ে অবস্থিত এই ‘রাঘবেন্দ্র মণ্ডপম’-এর সঙ্গে জড়িয়ে আছে রজনীকান্তের জীবনের অসংখ্য স্মৃতি। ১৯৮৯ সালে নির্মিত এই ভবনটি দীর্ঘ সময় ধরে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকের কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এর আগেও ২০১৫ সালে চেন্নাইয়ে ভয়াবহ বন্যার সময় দুর্গত মানুষ ও ত্রাণকর্মীদের আশ্রয়ের জন্য তিনি ভবনটির দরজা উন্মুক্ত করে দিয়েছিলেন। একসময় এই ভবনটি ভেঙে সেখানে তিনতারা হোটেল নির্মাণের গুঞ্জন শোনা গেলেও, শেষ পর্যন্ত সেটি জনসেবার উদ্দেশ্যেই সংরক্ষিত থাকছে। রজনীকান্তের এই উদার ঘোষণা বিনোদন অঙ্গনসহ সর্বমহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে।

