রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের ডেথ রেফারেন্স ও জেল আপিলের রায় ঘোষণা করা হবে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর)। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করবেন।
এর আগে গতকাল সোমবার আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের ওপর চূড়ান্ত শুনানি সম্পন্ন হয়। শুনানি শেষে আদালত আজ মঙ্গলবার রায় ঘোষণার দিন ধার্য করেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। অন্যদিকে আসামিপক্ষে শুনানি পরিচালনা করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।
মামলার বিবরণ থেকে জানা যায়, রামিসার বাবা তাঁর পরিবার নিয়ে পল্লবী থানার সেকশন-১১-এর ব্লক-বি এলাকার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল রামিসা। একই ভবনের অন্য ফ্ল্যাটে বসবাস করতেন আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তার। চলতি বছরের ১৯ মে প্রতিবেশী সোহেল রানা শিশু রামিসাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন এবং হত্যার পর ঘরের জানালার গ্রিল কেটে পালিয়ে যান।
জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে স্বপ্না আক্তারকে হেফাজতে নেয় এবং নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় রামিসার বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করলে ২১ মে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল রানা। তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক অহিদুজ্জামান মাত্র পাঁচ দিনের মধ্যে তদন্ত শেষ করে ২৫ মে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
পরবর্তী সময়ে ১ জুন অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয় এবং ২ জুন একদিনেই রাষ্ট্রপক্ষের ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। যুক্তিতর্ক শেষে হত্যাকাণ্ডের মাত্র ১৯ দিনের মাথায় গত ৭ জুন ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে সোহেলকে ৫ লাখ ও স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করে তা ভুক্তভোগীর পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। বিচারিক আদালতের সেই রায়ের পর আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের (ডেথ রেফারেন্স) নথি হাইকোর্টে আসে এবং আসামিরা জেল আপিল করেন, যার চূড়ান্ত নিষ্পত্তি হতে যাচ্ছে আজ।

