রাজধানীর বনানীর কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনিতে অগ্নিকাণ্ডে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুড়ে গেছে অন্তত সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান।
রোববার (১৫ নভেম্বর) ভোর ৪টা ৫৩ মিনিটের দিকে টিঅ্যান্ডটি কলোনির পশ্চিম পাড়ায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৬টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান অগ্নিকাণ্ডে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শাহরিয়ার রহমান শুভ্রর বাবার নাম মো. মনির হোসেন এবং মায়ের নাম মোর্শেদা আক্তার মিতা। তিনি টিঅ্যান্ডটি কলোনির স্যাটেলাইট গেটে ইসলামের ভাড়াটিয়া ছিলেন। তাঁর স্থায়ী ঠিকানা ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামে।
আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

