মাত্র দুই বছরে বাংলাদেশের সরকারি ঋণ বেড়েছে প্রায় ৫ লাখ ৪৫ হাজার কোটি টাকা। ২০২২ সালের ৩০ জুন সরকারি ঋণের পরিমাণ ছিল ১৩ লাখ ৪৪ হাজার কোটি টাকা। ২০২৪ সালের ৩০ জুন তা বেড়ে দাঁড়ায় ১৮ লাখ ৮৯ হাজার কোটি টাকায়।
আগামী বছরগুলোতে বৈদেশিক ঋণ পরিশোধের চাপ আরও বাড়তে পারে। ২০২৫-২৬ অর্থবছরে বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধে ব্যয় হবে ৪৫০ কোটি ডলার। ২০২৯-৩০ অর্থবছরে এই ব্যয় বেড়ে প্রায় ৫৫০ কোটি ডলারে পৌঁছাতে পারে।
রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারে প্রথম আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলন উপলক্ষে প্রকাশিত প্রেস ব্রিফিং নোটে এসব তথ্য তুলে ধরা হয়। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যের জন্য তৈরি নোটে বলা হয়েছে, ২০২৪ সালের জুন শেষে সরকারি ঋণ ছিল জিডিপির ৩৬ শতাংশ। একই সময়ে সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে দেশের মোট বৈদেশিক ঋণ দাঁড়ায় প্রায় ১০৪ বিলিয়ন ডলার।
ঋণের পাশাপাশি সুদ পরিশোধের ব্যয়ও বেড়েছে। ২০২৩-২৪ অর্থবছরে সরকারের সুদ পরিশোধ এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়। ২০২১-২২ অর্থবছরের তুলনায় ওই সময়ে বৈদেশিক ঋণের সুদ পরিশোধ বেড়েছে সাড়ে তিন গুণ। বৈদেশিক ঋণের আসল ও সুদ মিলিয়ে পরিশোধের পরিমাণ দাঁড়ায় ৩ দশমিক ৪ বিলিয়ন ডলার।
তবে বর্তমান সরকারের সময়ে ঋণ ব্যবস্থাপনায় অগ্রগতির কথাও বলা হয়েছে নোটে। বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের অর্থায়ন ২০২৪ সালের জুনের ৫৬ হাজার ৭৫০ কোটি টাকা থেকে কমে ২০২৬ সালের জুনে ৪৮২ কোটি টাকায় নেমেছে। একই সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। ভবিষ্যতে রাজস্ব আয় বাড়ানো, ব্যাংকিং খাতের সংস্কার এবং কম সুদের দীর্ঘমেয়াদি ঋণ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়ার পরিকল্পনা তুলে ধরা হয়েছে।

