গাজীপুরের মৌচাকের তেলিরচালা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পুলিশ। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে তেলিরচালা এলাকার লেভেন্ডা গার্মেন্টসে কাজে যোগ দিতে আসেন শ্রমিকরা। তবে কাজে যোগ না দিয়ে সকাল সাড়ে ৮টার দিকে তারা সড়কে নেমে অবরোধ শুরু করেন।
প্রায় আধা ঘণ্টা অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে বললে তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ টিয়ার শেল ছুড়লে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান।
সকাল ৯টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সার্বিক পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। মৌচাকে কিছুটা উত্তেজনা থাকলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

